বাংলাদেশ পুলিশের জনবল ও সক্ষমতা বাড়াতে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে চার হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে সরকার। সোমবার (২০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন পুলিশ-৩ শাখার উপসচিব আবু সাঈদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোর বিভিন্ন ইউনিটে চার হাজার এএসআই (নিরস্ত্র) পদ অস্থায়ীভাবে সৃজনের সরকারি অনুমোদন দেওয়া হলো। পদগুলো রাজস্ব খাতে অন্তর্ভুক্ত থাকবে এবং প্রতি বছর সংরক্ষণের ভিত্তিতে কার্যকর থাকবে।’
শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, নতুন পদগুলো অনুমোদিত সাংগঠনিক কাঠামোর সঙ্গে একীভূত করে হালনাগাদ কাঠামো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে। পাশাপাশি, পদ সংরক্ষণ ও স্থায়ীকরণের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসরণ করতে হবে। অর্থ বিভাগের জিও পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকেই পদ সৃষ্টির কার্যকারিতা শুরু হবে।
এ ছাড়া, ১৯৪৩ সালের Police Resolution of Bengal অনুযায়ী পদগুলো পূরণ করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের নির্ধারিত শর্তসমূহ যথাযথভাবে মেনে সব প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।